এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- এবার বিধায়কের উদ্যোগে মেমারি বিধানসভা এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থার ঘোষণা। নাম দেওয়া হয়েছে ‘MLA Army’। এলাকার নাগরিক সচেতনতা বৃদ্ধি, চোলাই মদের কারবার, গাঁজা এবং জুয়ার আসরের বিরুদ্ধে নজরদারি চালাতে এবার প্রাক্তন সেনাকর্মীদের যুক্ত করার উদ্যোগ নিলেন মেমারির বিধায়ক মানব গুহ।বিধায়কের প্রকাশিত বক্তব্য অনুযায়ী, এতদিন যাঁরা দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করেছেন, এবার তাঁরা মেমারি বিধানসভা এলাকার সামাজিক শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সহযোগিতা করবেন।
পুরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে পঞ্চায়েতের গ্রামে গ্রামে তাঁদের নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে Civic Sense বা নাগরিক দায়িত্ববোধ বাড়ানোর পাশাপাশি শহর ও গ্রামাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে চোলাই মদ, মাদকদ্রব্য এবং জুয়ার ঠেকের বিরুদ্ধে প্রশাসনের নজরে বিষয়গুলি আনার উদ্যোগ নেওয়া হবে বলে বিধায়কের বক্তব্যে ইঙ্গিত মিলেছে।বিধায়কের বক্তব্য, এতদিন যাঁরা ভারতমাতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছিলেন, এবার তাঁরাই বিধানসভা এলাকার মানুষের স্বার্থে সামাজিক কাজে এগিয়ে আসছেন। তাঁর কথায়, এই উদ্যোগের সবে শুরু।
আগামী দিনে মেমারি বিধানসভায় আরও কী কী পদক্ষেপ নেওয়া হয়, তা দেখতে পাবেন এলাকার মানুষ। মেমারি বিধানসভার এই নতুন উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে। তবে এই নজরদারি ব্যবস্থার বাস্তবায়ন, দায়িত্বের পরিধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় কীভাবে হবে, সেদিকেই নজর থাকবে।উল্লেখ্য, মাদক কারবার, বেআইনি মদের ব্যবসা ও জুয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের ও সংশ্লিষ্ট প্রশাসনের। প্রাক্তন সেনাকর্মীদের ভূমিকা কীভাবে নির্ধারিত হবে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।
