তারক হরি, পশ্চিম মেদিনীপুর:- ব্রিটিশ আমলের হিজলি বন্দি শিবিরের স্মৃতিবিজড়িত জমি আজ দেশের প্রযুক্তি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্বাধীনতার স্বপ্ন থেকে আত্মনির্ভর ভারতের ভবিষ্যৎ নির্মাণ, আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের পথচলাকে এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার প্রতিষ্ঠানের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি অতীতের ইতিহাসের পাশাপাশি দেশের আগামী দিনের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকার উপর বিশেষ গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী বলেন, যে ভূমিতে একসময় স্বাধীনতার স্বপ্ন দেখা হতো, আজ সেখান থেকেই আত্মনির্ভর ভারতের ভবিষ্যৎ গড়ার সংকল্প নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের চিন্তাভাবনার পরিবর্তন এবং প্রচলিত সীমাবদ্ধতা অতিক্রম করার প্রয়োজনীয়তা। ‘Break the Limits, Unlock the Possibilities’ ভাবনাকে সামনে রেখে তিনি জানান, কোনও দেশ তার প্রকৃত সম্ভাবনাকে কাজে লাগাতে পারে তখনই, যখন পুরনো গণ্ডি ভেঙে নতুন সুযোগ তৈরির পথে এগোয়। গত ১২ বছরে ভারত এই মানসিকতার পরিবর্তনের মাধ্যমে উন্নয়ন ও মানুষের ক্ষমতায়নের নতুন ক্ষেত্র তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়্গপুর দেশের প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। দীর্ঘ ৭৫ বছরে কারিগরি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী। এই প্রতিষ্ঠানের ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আগামী প্রজন্মের উপরই বর্তায় বলে তাঁর বক্তব্যে উঠে আসে। আগামী ২০ বছরের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পড়ুয়াদের এখন থেকেই নিজেদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি।প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে একটি বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। ‘৭৫ ভয়েসেস ফর বিকশিত ভারত’ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠানের ৭৫ জন পড়ুয়ার সঙ্গে মতবিনিময়ও করেন তিনি। তরুণদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিতে স্বামী বিবেকানন্দের ‘উঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না’ বাণী স্মরণ করিয়ে দেন নরেন্দ্র মোদি।
প্রতিষ্ঠানের গবেষণা ও প্রযুক্তিগত কর্মকাণ্ড ঘুরে দেখার সময় স্বল্পমূল্যের চিকিৎসা প্রযুক্তি এবং প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী। প্রযুক্তি ও গবেষণার সুফল যাতে সমাজের সাধারণ মানুষের কাছে পৌঁছয়, সেই দিকটিও তাঁর সফরে গুরুত্ব পায়।প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল থেকেই আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মেন গেট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়। নির্ধারিত সময়ের সামান্য পরে বুলেটপ্রুফ গাড়িতে ক্যাম্পাসে প্রবেশ করেন নরেন্দ্র মোদি।
৭৫ বছরের এই যাত্রা একদিকে যেমন দেশের প্রযুক্তি শিক্ষার অগ্রগতির সাক্ষ্য বহন করে, অন্যদিকে তেমনই ভবিষ্যতের গবেষণা ও উদ্ভাবনের নতুন প্রত্যাশাও তৈরি করে। প্লাটিনাম জয়ন্তীর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বার্তা, সীমাবদ্ধতার বাইরে বেরিয়ে তরুণদের নতুন সম্ভাবনা খুঁজতে হবে। তাঁদের চিন্তা, মেধা ও উদ্ভাবনী শক্তিই আগামী দিনে বিকশিত ভারত গঠনের অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে।

