বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক:- ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আবহাওয়া দপ্তরের ঘোষণামত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় মুষলধারে বৃষ্টি,ঝোড়ো হাওয়ার কারণে ফুল ও ধানচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,ব্যাপক বৃষ্টিপাতের ফলে মাঠে যে সমস্ত আমন ধানের চাষ রয়েছে,সেই ধান গাছগুলি ইতিমধ্যে শুয়ে গিয়েছে। ধান জমিতে জল জমে গিয়েছে।
কিছু জমিতে চাষিরা খানিকটা কাঁচা অবস্থায় ধানের গাছ কেটেছিল। তা ভিজে যাওয়ার কারণে মাঠ থেকে তুলতে চরম সমস্যার মধ্যে পড়বেন কৃষকেরা। অন্যদিকে রজনীগন্ধা-মোরগা সহ স্টিক যুক্ত ফুলের গাছগুলিও খানিকটা নষ্ট হয়েছে। এছাড়াও গাঁদা- দোপাটি-অপরাজিতা-চন্দ্রমল্লিকা সহ নরম প্রকৃতির ফুলের গাছগুলির গোড়ায় জল জমে গাছগুলির অনেকাংশে মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি গাঁদা ফুলের পাঁপড়িতে জল ঢুকে গিয়ে পাঁপড়ি পচে ফুলে দাগ এসে যাবে। সব মিলিয়ে আসন্ন কালীপুজোর প্রাক্কালে ফুলের জোগানে ঘাটতি হবে । পাঁশকুড়ার ফুলচাষী গণেশ মাইতি ও কোলাঘাটের ফুলচাষী অজিত মন্ডল,প্রশান্ত পড়িয়ারা জানান,দূর্গা ও লক্ষী পূজাতে এবছর ফুলের খুব একটা ভালো দাম ছিল না। বর্তমানে অর্নবের কারণে চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় কালীপূজার সময় ফুলের ফলনে ঘাটতি হবে।
