এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- ৩০০ বছরের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য ও ভক্তির সাক্ষী হয়ে রইল পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার অন্তর্গত রায়না-২ ব্লকের শেরপুর গ্রাম। পরম শ্রদ্ধা ও ধর্মীয় আবহের মধ্য দিয়ে গ্রামে নতুন করে প্রতিষ্ঠিত হলো প্রাচীন দুর্গামন্দির। মন্দিরের নতুন রূপকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে দেখা গেল উৎসাহ ও আবেগ।স্থানীয় ঐতিহ্য অনুযায়ী, বংশপরম্পরায় প্রায় ৩০০ বছর ধরে সনাতন ধর্মের রীতিনীতি ও আচার-অনুষ্ঠান মেনে এই পুজো হয়ে আসছে।
সময়ের সঙ্গে মন্দিরের রূপ বদলেছে, কিন্তু বদলায়নি ভক্তি, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি মানুষের টান। নতুন মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে সেই দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরা পেল এক নতুন অধ্যায়।মন্দিরের উদ্বোধন উপলক্ষে ফিতে কেটে আনুষ্ঠানিক সূচনা করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি সজল দাঁ, আদিত্য মালিক, কৌশিক মাঝি-সহ গ্রামের বহু মানুষ।
উদ্বোধন উপলক্ষে বিশেষ পুজো-পাঠের আয়োজন করা হয়। পাশাপাশি গ্রামবাসীদের জন্য অন্নভোগের ব্যবস্থাও করা হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশে দিনটি গ্রামবাসীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। এবার থেকে নতুনভাবে গড়ে ওঠা এই মন্দিরেই ধুমধাম করে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। ৩০০ বছরের ঐতিহ্যকে বুকে ধারণ করে শেরপুরের এই প্রাচীন দুর্গামন্দির আগামী দিনেও গ্রামের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের অন্যতম কেন্দ্র হয়ে থাকবে—এমনটাই আশা স্থানীয়দের।প্রাচীন ঐতিহ্য, অটুট বিশ্বাস আর নতুন নির্মাণ—শেরপুরের দুর্গামন্দিরে মিলল অতীত ও বর্তমানের মেলবন্ধন।

