এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- দুর্গোৎসবের আনন্দে মেতে উঠেছে পূর্ব বর্ধমান জেলার রায়না-১ ব্লকের ক্ষেমতা গ্রাম। প্রায় ৫০ বছরের ঐতিহ্যবাহী ক্ষেমতা গ্রামের সার্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হল প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কাটার মধ্য দিয়ে। পুজোর উদ্বোধন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ। বিধায়ককে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন গ্রামবাসীরা। পুষ্পস্তবক ও চন্দনের ফোঁটা দিয়ে তাঁকে বরণ করে নেন স্থানীয় বাসিন্দারা। প্রায় পাঁচ দশক ধরে চলে আসা এই দুর্গাপুজো শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গ্রামের মানুষের মিলন ও সম্প্রীতির অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। পুজোকে কেন্দ্র করে বেশ কয়েক দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অনুষ্ঠানগুলিকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা তুঙ্গে। দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে এ বছরও আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছেন উদ্যোক্তা ও গ্রামবাসীরা। পুজোর উদ্বোধনকে কেন্দ্র করে ক্ষেমতা গ্রামে উৎসবের আবহ আরও জমজমাট হয়ে উঠেছে।

